বাংলাদেশের বাণিজ্য খাতে অপ্রয়োজনীয় প্রবিধানগুলো বাতিল করে এবং বিদ্যমান নীতিমালা পর্যালোচনার মাধ্যমে বাণিজ্যকে আরও সহজ ও স্বচ্ছ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “বাণিজ্য সহজীকরণের মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব এবং একটি সমান সুযোগের পরিবেশ (Level Playing Field) তৈরি করব। এতে বাণিজ্যের পরিমাণ যেমন বাড়বে, তেমনি দেশের অর্থনৈতিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।”
বাণিজ্য উপদেষ্টা আরও উল্লেখ করেন, দক্ষ ট্রেড রেজিম গড়ে তোলার মাধ্যমে জাতীয় অর্থনীতির ব্যাপক উন্নয়ন ঘটবে। এটি শুধু অর্থনীতির বিকাশ নয়, বরং সম্পদের সুষম বণ্টনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ট্যাক্স ফাঁকি হ্রাস এবং দক্ষতার বিকাশ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কাস্টমস কর্তৃপক্ষের কার্যক্রম ধীরে ধীরে অটোমেশনে রূপান্তরিত হচ্ছে, যা আমদানি-রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজতর ও স্বচ্ছ করবে।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আবদুর রহিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারসহ এনটিএফসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।