বাংলাদেশ সরকার কর ফাঁকি রোধ এবং ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম বৈঠকে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ব্যবসা সহজীকরণের জন্য বাণিজ্য সম্পর্কিত অপ্রয়োজনীয় প্রবিধান ও নিয়ন্ত্রণমূলক নিয়মকানুন পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে ন্যায়সঙ্গত পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, যা ব্যবসার প্রসার ও দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন— “আমরা একটি দক্ষ ট্রেড রেজিম চাই। যার মাধ্যমে জাতীয় অর্থনীতির অগ্রগতি ঘটবে এবং সম্পদের সুষম বণ্টনের সুযোগ তৈরি হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান আবদুর রহিম খানসহ আরও অনেকে।