৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে করদাতার নথি হস্তান্তরের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা এক আদেশে এ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে স্বাক্ষর করেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
অভিযোগ অনুযায়ী, ঢাকার কর অঞ্চল–৫–এর আওতাধীন ৯৩ নম্বর সার্কেলের এক করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধির (আয়কর আইনজীবী) কাছে পূর্ববর্তী কর-সংক্রান্ত নথি হস্তান্তর করেন জান্নাতুল ফেরদৌস। এসব নথির মধ্যে ছিল পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনাল আদেশসহ গুরুত্বপূর্ণ দলিলপত্র। বিনিময়ে তিনি ৩৮ লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আইআরডি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি-১২ অনুযায়ী তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।