দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩১.৩৮ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩১,৩৮৮.১২ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বৈদেশিক রিজার্ভ এখন ২৬,৩৯৯.৯৩ মিলিয়ন ডলার।
এর আগে, ২৮ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১,১৮৭.১৩ মিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ ছিল ২৬,১৯১.২৪ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। এই বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।