বলিউডের বাদশাহ শাহরুখ খানের পরিবার আইনি জটিলতার মুখোমুখি হয়েছে। এবার তার কন্যা ও উদীয়মান অভিনেত্রী সুহানা খান জমি কেনাকে কেন্দ্র করে একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ভারতের মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটনস্থল আলিবাগে একটি মূল্যবান জমি কেনাকে ঘিরে এই অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সুহানা খান স্থানীয় তিন বোন- অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি জমি কিনেছেন। জমিটির দাম ধরা হয়েছে ১২ কোটি ৯১ লাখ ভারতীয় রুপি, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৮ থেকে ১৯ কোটি টাকার সমতুল্য।
এই লেনদেনের মূল ইস্যুটি হলো জমিটির শ্রেণিবিন্যাস। স্থানীয় প্রশাসনের বক্তব্য অনুসারে, জমিটি শুধুমাত্র কৃষিকাজের জন্য নির্ধারিত। ভারতের মহারাষ্ট্র রাজ্যের আইন অনুযায়ী, এমন কৃষিজমি শুধুমাত্র একজন আইনসম্মত ‘কৃষক’ই কিনতে পারেন। জমির নথিপত্রে সুহানা খানকে একজন ‘কৃষক’ হিসেবেই দেখানো হয়েছে, যা নিয়েই প্রশ্ন উঠেছে।
জানা গেছে, জমি রেজিস্ট্রির সময় স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ৭৮ লাখ রুপিও পরিশোধ করা হয়েছে। তবে, সুহানা খানের পেশাগত পরিচয় এবং তিনি কীভাবে ‘কৃষক’ হওয়ার যোগ্যতা অর্জন করলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন শীঘ্রই প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, তার চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুহানা। ‘দ্য আর্চিস’-এর পর তিনি এবার বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তার বাবা শাহরুখ খানের সঙ্গেই ‘কিং’ সিনেমার মাধ্যমে। তবে, এই জমি সংক্রান্ত বিতর্ক নিয়ে সুহানা খান বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা মন্তব্য করা হয়নি।