ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জুবায়দুর রহমান তার হাতে থাকা সকল শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা একটি ঘোষণায় জানানো হয়।
ঘোষণায় উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি পাবলিক মার্কেটে মোট ১ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রি করবেন। ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমাপনী দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা, যা বিবেচনা করলে বিক্রির মোট অঙ্ক দাঁড়াবে প্রায় ৬৪ লাখ টাকা।
জুবায়দুর রহমান চলতি বছরের ২৭ মার্চ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিচালক হিসেবে মনোনীত হন এবং এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এরপর গত ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর তিনি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
একই সময়, ব্যাংকের আর্থিক পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৫ সালের প্রথমার্ধে ইসলামী ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫৬ কোটি ৯২ লাখ টাকা। শেয়ার প্রতি আয় (EPS) কমে এসেছে ৪২ পয়সায়, যেখানে এক বছর আগে ছিল ২ টাকা ২২ পয়সা।
এছাড়া ব্যাংকের খেলাপি ঋণের হার রেকর্ড পরিমাণে বেড়ে ৪০ শতাংশে পৌঁছেছে, যা ২০২৩ সালে ছিল মাত্র ৩ শতাংশ। এর ফলে ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনের ঘাটতি দাঁড়িয়েছে ৬৯,৭৭০ কোটি টাকা।