ইউরোপ ছাড়ার পর সৌদি আরবে খেলা শেষে নেইমার ফিরেছেন ব্রাজিলে, তার ছেলেবেলার ক্লাব সান্তোসে, যেখানে তিনি কম বেতনে খেলছেন।
তবে অর্থনৈতিক দিক থেকে তার জীবন এখনো তুখোড়। সম্প্রতি জানা গেছে, একজন ব্রাজিলীয় কোটিপতি নেইমারের নামে উইল করেছিলেন। সেই কোটিপতি মারা যাওয়ায় নেইমার তার সম্পূর্ণ উত্তরাধিকার পাবেন। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১২,৪০০ কোটি টাকা।
মিডিয়ার খবর অনুযায়ী, ১২ জুন পোর্তো আলেগ্রের একটি অফিসে দুজন সাক্ষীর সামনে এই উইল করা হয়। তবে নেইমার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সম্পত্তি পাওয়ার প্রক্রিয়ায় ব্রাজিলের আদালতের অনুমোদন নিতে হবে, যেখানে নেইমারকে একমাত্র উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ওই ব্যক্তি অবিবাহিত ও নিঃসন্তান ছিলেন এবং নেইমারকে পছন্দ করায় সম্পূর্ণ সম্পত্তি তাকে লিখে রেখে গেছেন।
অর্থনৈতিকভাবে ফুলেফেঁপে উঠলেও নেইমারের ফুটবল ক্যারিয়ার এখন প্রশ্নের মুখে। ২০২৪-২৫ মৌসুমের শেষদিকে সান্তোসে যোগ দিয়েছিলেন, ১৪ ম্যাচে মাত্র তিনটি গোল করেছেন। এছাড়া চিলির বিপক্ষে বিশ্বকাপ যোগ্যতার ম্যাচেও নেইমারকে ব্রাজিলের জাতীয় দলে ডাক পাওয়া হয়নি।