চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম তিন দিনেই রেমিট্যান্স প্রবাহে নতুন গতি এসেছে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ডলার। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন।
তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১.৬০ শতাংশ। গত বছর এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০ কোটি ৭০ লাখ ডলার। চলতি বছরের ৩ সেপ্টেম্বর একদিনেই এসেছে ১৪ কোটি ৫০ লাখ ডলার, যা রেমিট্যান্স আয়ে বড় ভূমিকা রেখেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৯০ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০.৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ), যা বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড। বিশেষজ্ঞদের মতে, বৈধ চ্যানেল ব্যবহার বৃদ্ধি, হুন্ডি রোধ এবং প্রবাসী শ্রমিকদের সংখ্যা বৃদ্ধিই এই প্রবাহ বৃদ্ধির মূল কারণ।