মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে বৃষ্টি কমে গরম বেড়েছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়বে এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
শনিবার (৬ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ও সোমবারও একই ধারা বজায় থাকবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। এর ফলে সাময়িকভাবে গরম কমলেও কোথাও কোথাও বন্যার ঝুঁকিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ৯ সেপ্টেম্বরের পর থেকে দেশে বৃষ্টি বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এর আগে দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বৃষ্টিহীন এলাকায় গরম তীব্র থাকবে।