যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় হাজার হাজার মানুষ ‘উই আর অল ডিসি’ শিরোনামের মিছিলে অংশগ্রহণ করেন। তারা ন্যাশনাল গার্ডের সেনাদের শহর থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিক্ষোভে অনিবন্ধিত অভিবাসী, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকসহ বিভিন্ন গোষ্ঠীর মানুষও অংশ নেন। তারা হাতে ব্যানার ধরেন এবং স্লোগান দেন—‘ট্রাম্পকে এখনই যেতে হবে’, ‘ডিসিকে মুক্ত করো’, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ো’।
অ্যালেক্স লফার নামের এক বিক্ষোভকারী বলেন, “আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। ফেডারেল পুলিশ বা ন্যাশনাল গার্ডের কোনো প্রয়োজন নেই।”
এর আগে ট্রাম্প গত মাসে শহরে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য সেনা মোতায়েন করেছিলেন। যদিও বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বর্তমানে ছয়টি রিপাবলিকান অঙ্গরাজ্য থেকে দুই হাজারের বেশি ন্যাশনাল গার্ড সৈন্য শহরে টহল দিচ্ছে। তাদের কার্যাদেশ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব এই পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয় ও অবৈধ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “ডিসিতে কোনও অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা নেই। ২০২৩ থেকে ২০২৪ সালে সহিংস অপরাধের হার ৩৫ শতাংশ কমেছে, চলতি বছরে আরও ২৬ শতাংশ কমেছে।”