এ বছরের শেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্ত থেকে দেখা যাবে এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য। বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ২টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এবারকার পূর্ণ চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ‘সুপার ব্লাড মুন’। এটি সাধারণ চাঁদের তুলনায় আকারে প্রায় ৭ শতাংশ বড় এবং উজ্জ্বলতায় ১৫ শতাংশ বেশি হবে।
| ধাপ | সময় (বাংলাদেশ সময়) |
|---|---|
| পেনুম্ব্রাল গ্রহণ শুরু | রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড |
| আংশিক গ্রহণ শুরু | রাত ১০টা ২৭ মিনিট ০৯ সেকেন্ড |
| পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু | রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড |
| সর্বোচ্চ গ্রহণ | রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ড |
| পূর্ণ গ্রহণ শেষ | রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ড |
| আংশিক গ্রহণ শেষ | রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড |
| পেনুম্ব্রাল গ্রহণ শেষ | রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ড |
পূর্ণাঙ্গভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে আফ্রিকার কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত এলাকায়। আংশিক গ্রহণ দৃশ্যমান হবে পূর্ব ও পশ্চিম দিকের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। তবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অধিকাংশ এলাকা থেকে গ্রহণটি দেখা যাবে না।
যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলেই ঘটে চন্দ্রগ্রহণ। গ্রহণ পূর্ণ হবে নাকি আংশিক, তা নির্ভর করে সূর্য-পৃথিবী-চাঁদের অবস্থান ও তাদের কৌণিক দূরত্বের ওপর।