জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা নির্বাচনি পরাজয়ের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভেতরের বিভাজন এড়াতে এই পদক্ষেপ নিয়েছেন ইশিবা।
জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ইশিবা নেতৃত্বাধীন জোট ঐতিহাসিকভাবে পরাজিত হয়। নির্বাচনী ফলাফলের কারণে পার্লামেন্টের উভয় কক্ষেই তার দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোয়, ইশিবা পার্টির ভিতরে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হন। ডানপন্থি বিরোধী দলনেতারা তাকে পদত্যাগের আহ্বান জানান।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাপানের কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার ইশিবার সঙ্গে আলোচনা করে তাকে পদত্যাগ করতে রাজি করান। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে জাপান সরকার নিশ্চিত করেছে যে ইশিবা রোববার একটি সংবাদ সম্মেলন করবেন।
এ পদত্যাগের ফলে ইশিবার জোটের নীতিগত লক্ষ্য বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়তে পারে এবং জাপানের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ার সম্ভাবনা রয়েছে।