দেশের জাহাজ নির্মাণ খাতকে এগিয়ে নিতে শিগগিরই আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “আমাদের হাতে সময় কম। আমরা উদ্যোগ শুরু করে দেব, আর নির্বাচিত সরকার এসে সেগুলো বাস্তবায়ন করবে। পোশাক খাতের পর দেশের আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে জাহাজ শিল্প। এই খাতকে এগিয়ে নিতে বৈচিত্র্য আনতে হবে।”
রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের খ্যাতনামা নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডকে একটি নতুন জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট।
আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহিল বারী বলেন, “সোনারগাঁওয়ে জাহাজ তৈরির একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। আনন্দ শিপইয়ার্ড সেই ঐতিহ্য ধরে রেখেছে। তবে দীর্ঘমেয়াদী অর্থায়নের সমস্যা এখনও বিদ্যমান। সরকারের সহযোগিতা ছাড়া এই খাত শক্তিশালী করা সম্ভব নয়। জাহাজ নির্মাণ খাত শক্তিশালী হলে দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।”
অনুষ্ঠানে জানানো হয়, নতুন জাহাজটি আন্তর্জাতিক মানের নকশা ও প্রযুক্তিতে নির্মিত। জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট এবং গভীরতা ২৫ ফুট। এটি ২,৭৩৫ হর্সপাওয়ার ইঞ্জিন দ্বারা পরিচালিত এবং ঘণ্টায় ১২ নট গতিতে চলতে সক্ষম। জাহাজটি ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের জন্য ব্যবহারযোগ্য।