নেপালে চলমান জেন-জি আন্দোলন সোমবার আরও ভয়াবহ রূপ নিয়েছে। এ পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রুপানদেহি ও সুনসারি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
রুপানদেহি জেলা প্রশাসন এক ঘোষণায় জানায়, সোমবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বুটওয়াল ও ভৈরহাওয়ায় কারফিউ কার্যকর থাকবে। এ সময় নির্ধারিত এলাকায় কোনো সভা, সমাবেশ, মিছিল বা অবস্থান কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুটওয়াল–বেলহিয়া সড়কের দুই পাশের ১০০ মিটারের মধ্যে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।
অন্যদিকে, সহিংস বিক্ষোভের কারণে সুনসারি জেলার ইটাহারিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। জেলা প্রশাসক ধর্মেন্দ্র মিশ্র জানান, সোমবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ইটাহারির প্রধান চত্বর এলাকায় এই আদেশ কার্যকর হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিধিনিষেধ ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে জেন-জি আন্দোলনের সূচনা হয়। পরে এটি রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে দ্রুত ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের দমননীতি, অস্বচ্ছতা এবং দুর্নীতি গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলি বিনিময় ও প্রাণহানির ঘটনাও প্রত্যক্ষ করছে।
ক্রমবর্ধমান সহিংসতা ও প্রাণহানির কারণে প্রশাসন ধারাবাহিকভাবে কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন নেপালের রাজনৈতিক অঙ্গনকে নতুন করে নাড়িয়ে দিয়েছে।