চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ৬ হাজার ২৯৭ কোটি ৩ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার।
দেশের ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক প্রথম অবস্থানে, যার মাধ্যমে এসেছে ১০ কোটি ৫ লাখ ৫০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, যেখানে এসেছে ৭ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে ৪ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার, অগ্রণী ব্যাংক ৩ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ডলার, জনতা ব্যাংক ২ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার এবং সিটি ব্যাংক ২ কোটি ৬৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে।
অন্যদিকে, সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে দেশি-বিদেশি ১২টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে পাঁচটি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, সিটিজেনস ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উরি ব্যাংক।