দুদকের এক হাজার কোটি টাকা আত্মসাত মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আজ আদালতে হাজির করা হয় শিবলীকে। এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় এবং আদালত শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৬ এপ্রিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, প্রতারণা, জাল-জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে ৮৭ কোটি টাকার জমি অতি মূল্যায়ন করে এক হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, সিআইবি প্রতিবেদন ছাড়া এবং মর্টগেজ সম্পত্তি সরেজমিন পরিদর্শন বা মূল্য যাচাই না করে একটি সদ্য নিবন্ধিত কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড-এর নামে বন্ডের মাধ্যমে এক হাজার কোটি টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে ২০০ কোটি টাকা এফডিআর করা হয়েছে, বাকি ৮০০ কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে স্থানান্তর করা হয়েছে। এরপর নগদ উত্তোলন ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাত ও মানি লন্ডারিং করা হয়।
এর আগে ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ধানমণ্ডি এলাকা থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।