আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন— “ব্যাংকিং খাতে সাফল্য অর্জনের জন্য পেশাগত দক্ষতা, সততা এবং শরীয়াহসম্মত কার্যক্রম অপরিহার্য। ক্যাশ লেনদেনে ঝুঁকি ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানসম্মত সার্ভিস প্রদান করে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে হবে।”
তিনি আরও যোগ করেন, ব্যাংকের সকল সেবার বিষয়ে কর্মকর্তাদের সুপরিচিত হতে হবে এবং গ্রাহকদের সেই সেবা সম্পর্কে অবহিত করতে হবে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলার গুরুত্বও তিনি তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (AIBTI)-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী সভাপতিত্ব করেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট প্রক্রিয়া, ঝুঁকি মোকাবিলা, দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে।