নেপালে জেনারেশন জি’র নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে তা নিয়ন্ত্রণে কঠোর অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। এই অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। পাশাপাশি রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ লুটের অর্থ এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চলা অভিযানে বিক্ষোভকারীদের লাগানো আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর তিনটি ইউনিট মোতায়েন করা হয়। এ সময় কাঠমান্ডুর গৌশালা–চাবাহিল–বৌদ্ধ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৭০ হাজার নেপালি রুপি উদ্ধার করে সেনারা।
অভিযানে বিভিন্ন ধরনের ৩১টি আগ্নেয়াস্ত্র, অসংখ্য ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়। এর মধ্যে ২৩টি অস্ত্র রাজধানী কাঠমান্ডু থেকে এবং ৮টি পোখারা থেকে উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর দেওয়া তথ্যে জানা গেছে, সহিংসতায় আহত হয়েছেন ২৩ জন পুলিশ সদস্য এবং ৩ জন সাধারণ নাগরিক। বর্তমানে তারা সেনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সেনাবাহিনী জানিয়েছে, সহিংসতা রোধ ও জনগণের জীবন-সম্পত্তি সুরক্ষায় তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে দেশজুড়ে কঠোর নজরদারি চালাচ্ছে।