দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং বলিউড অভিনেতা বিজয় ভার্মার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে ভক্তদের আগ্রহ ছিল। তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাত ধরে উপস্থিত হতেন, একে অপরকে চোখে হারাতেন। কিন্তু হঠাৎ করেই সেই মধুর সম্পর্ক ভাঙনের মুখে পড়েছে।
দিন কয়েক আগে পর্যন্ত রোমান্সে ভরা এই জুটি এখন একে অপরের মুখ দেখতেও নারাজ। তবে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তারা। কাউকে দোষারোপও করেননি। নিঃশব্দেই আলাদা হয়ে গেছেন।
এদিকে অভিনেত্রী তামান্না ভাটিয়া জানিয়েছেন, তিনি এখন নিজের উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন এবং আরও ভালো মানুষ হতে চাইছেন। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে— তিনি নতুন সম্পর্কে জড়ানোর জন্যও মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন।
বলিউড হাওয়ায় ভেসে এসেছে, বিয়েকে কেন্দ্র করেই নাকি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তামান্না বিয়ে করে সংসার পেতে চেয়েছিলেন। কিন্তু বিজয় ভার্মা নাকি তখনই রাজি ছিলেন না। এ নিয়ে মতবিরোধের জেরেই বিচ্ছেদ ঘটে।
তবে বিচ্ছেদের পরও ভালোবাসার প্রতি আস্থা হারাননি তামান্না। এক সাক্ষাৎকারে তিনি বলেন—
“আমি চাই দুর্দান্ত জীবনসঙ্গী হতে। চাই যেন আমার জীবনসঙ্গী মনে করে, গত জন্মে অনেক পুণ্য করেছি বলেই তাকে পেয়েছি। জানি না সেই সৌভাগ্যবান পুরুষ কে হবেন, তবে আমি প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করছি।”
অন্যদিকে শোনা যাচ্ছে, বিচ্ছেদের পর বিজয় ভার্মার নতুন সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। যদিও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।