দেশের ইতিহাসে সোনার দাম আবারও রেকর্ড ভেঙেছে। ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, যা এ দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোনার এই লাগামহীন ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বাংলাদেশ ব্যাংকের স্মারক স্বর্ণমুদ্রাতেও।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতিটি ১০ গ্রাম ওজনের স্বর্ণমুদ্রা (বাক্সসহ) বিক্রি হতো ১ লাখ ৫০ হাজার টাকায়, এখন নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম লাগাতার বাড়তে থাকায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। সেই কারণে স্মারক স্বর্ণমুদ্রার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
এখন থেকে যে কেউ চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত শাখা থেকে ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের এই স্মারক স্বর্ণমুদ্রা কিনতে পারবেন। বিশেষ দিন, উপহার কিংবা বিনিয়োগের মাধ্যম হিসেবে অনেকেই এ মুদ্রা সংগ্রহ করে থাকেন।