নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি এর সুপারিশ অনুযায়ী দেশটির রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
দেশটির প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী কার্কির সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়। নতুন নির্বাচনের জন্য নির্ধারিত দিন হলো ২০২৬ সালের ৫ মার্চ।
উল্লেখযোগ্য, নেপালে জেন-জিদের আন্দোলন সরকারের পতনের চার দিন পর দেশটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। রাজধানী কাঠমাণ্ডুসহ বিভিন্ন অঞ্চলে দোকানপাট খুলছে এবং ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় সেনা সদস্যরা সতর্ক নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছেন।
অন্যদিকে, আন্দোলনে নিহতের সংখ্যা কমপক্ষে ৫১ জনে পৌঁছেছে। দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতি জনগণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে।