নানা আয়োজন ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম, বিপিএম। তিনি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই কমিউনিটি ব্যাংক মানুষের ব্যাংক হিসেবে ট্রাস্ট, সিকিউরিটি ও প্রগ্রেসের মূলনীতি অনুসরণ করে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখাই আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর ব্যাংকের সাম্প্রতিক সাফল্য, উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থাপিত হয় অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও মোশন গ্রাফিক্স।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত তাঁর মূল বক্তব্যে ব্যাংকের ভিশন, মিশন ও রোডম্যাপ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এসএমই ও স্টার্টআপ খাতের বিকাশে ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক চালু করেছে “এসএমই ৩৬০”, প্রতিষ্ঠা করেছে দেশের প্রথম ব্যাংক-নেতৃত্বাধীন স্টার্টআপ অ্যাক্সিলারেটর “স্টার্টআপ নেস্ট”। এছাড়া এআই-চালিত স্মল ক্রেডিট স্কোরিং মডেল, কিউআর-ভিত্তিক ক্যাশ উইথড্রয়াল, এবং ওয়েব-ভিত্তিক কমিউনিটি অ্যাক্সেস সেবা চালু করে ব্যাংকিং খাতে নতুন যুগের সূচনা করেছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, যাদের মধ্যে ছিলেন:
এস. এম. সাজ্জাত আলী, এনডিসি, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ
এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র্যাব
মো. গোলাম রসুল, অ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ
কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), ডিআইজি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স
আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও সভাপতি, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন
আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিশেষ রিফাইন্যান্সিং চেক বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষাংশে কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনারের মধ্য দিয়ে সমাপ্ত হয় কমিউনিটি ব্যাংকের ৬ বছরের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও সেবার উৎকর্ষতার উৎসব।