বাংলাদেশ আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে চলতি বছরের ১২তম শক্তিশালী বৃষ্টিবলয়। এ সময়ে দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) শনিবার জানায়, বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চলেও এর প্রভাব তীব্র আকারে দেখা দিতে পারে। অন্যদিকে, ঢাকা, খুলনা, বরিশাল (উপকূল বাদে) ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত তুলনামূলক মাঝারি মানের হবে।
এই বৃষ্টিবলয় ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হবে। সর্বাধিক সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। দুপুর থেকে রাত ও ভোর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নদীর পানি বৃদ্ধি: ভারী বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের নিচু এলাকায় পানি বৃদ্ধি ও বন্যার ঝুঁকি রয়েছে।
পাহাড় ধসের আশঙ্কা: বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি থাকবে।
বজ্রপাত ও দমকা হাওয়া: শুরুর দিকে তীব্র বজ্রপাত হতে পারে, তবে পরে তা হ্রাস পাবে। উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া থাকতে পারে।
আবহাওয়ার আরামদায়কতা: বৃষ্টির সময় আবহাওয়া স্বস্তিদায়ক হলেও বৃষ্টি বিরতিতে কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
| বিভাগ | সম্ভাব্য গড় বৃষ্টিপাত (মিমি) | সক্রিয় দিনের সংখ্যা |
|---|---|---|
| রংপুর | ১৮০–২৫০ | ৪ দিন |
| ময়মনসিংহ | ১৪০–২৬০ | ৪ দিন |
| সিলেট | ১৬০–২৬০ | ৪ দিন |
| চট্টগ্রাম | ৯০–২৫০ | ৩ দিন |
| ঢাকা | ১২০–১৮০ | ৪ দিন |
| খুলনা | ১২০–১৫০ | ৪ দিন |
| বরিশাল | ১৩০–২০০ | ৩ দিন |
| রাজশাহী | ১১০–১৫০ | ৩ দিন |