অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি অপ্রত্যাশিত বিপদের সম্মুখীন হন। সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি ও ঝলমলে সাজে অনুষ্ঠানের মঞ্চে হাজির হন চমক। হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে পাশের একজন দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। ফলে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার পর কিছুটা ভীত হলেও খুব দ্রুত নিজেকে সামলে নেন চমক। ভিডিওতে দেখা গেছে, তার শাড়ির আঁচলের ওপর এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি খেয়াল না করায় হোঁচটের ঘটনা ঘটে। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ওই ব্যক্তির অসতর্কতার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ভক্তদের কাছে রুকাইয়া জাহান চমক শুধু সুন্দরী নন, তিনি তার অভিনয়গুণেও মুগ্ধতা ছড়িয়েছেন। কাজের ব্যস্ততা কম থাকলেও তার সরব উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় ভক্তদের আলোচনায় থাকে।
উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে আসেন চমক। ২০২০ সালে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ও ওয়েব সিরিজের মধ্যে রয়েছে— হায়দার, হাউস নং ৯৬, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত এবং ভাইরাল হ্যাজব্যান্ড।