চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আয় করেছে। এ সময়ে বিমানবন্দরটি মোট রাজস্ব আয় করেছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ৩৩ কোটি টাকা বেশি। এর আগে ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা।
রোববার (১২ সেপ্টেম্বর) শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এবার সর্বোচ্চ রাজস্ব আয় হয়েছে। মূলত যাত্রী সংখ্যা বৃদ্ধি, বকেয়া আদায় এবং বিভিন্ন খাত থেকে আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে এ রেকর্ড তৈরি হয়েছে।”
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, যেখানে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। তুলনামূলকভাবে আগের বছর ২৩৭ কোটি টাকা আয় এবং ৩৬ কোটি টাকা ব্যয় হয়েছিল। ধারাবাহিক উন্নতির ফলে আয়-ব্যয়ের ব্যবধানও বৃদ্ধি পাচ্ছে।
এর আগের কয়েক অর্থবছরের রাজস্ব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়,
২০২২-২০২৩ অর্থবছরে আয় ২২৫ কোটি, ব্যয় ৩৩ কোটি টাকা।
২০২১-২০২২ অর্থবছরে আয় ৭৯ কোটি, ব্যয় ২৭ কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছরে আয় মাত্র ৩০ কোটি, ব্যয় ২৬ কোটি টাকা।
অর্থাৎ মাত্র চার বছরের ব্যবধানে শাহ আমানত বিমানবন্দরের রাজস্ব আয় ৯ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
কর্মকর্তারা জানান, ২০০০ সালে জাপানি দাতা সংস্থা জাইকার সহায়তায় বিমানবন্দরটি আন্তর্জাতিক রূপ পায়। সম্প্রতি নতুন করে অ্যাপ্রোন এরিয়া সম্প্রসারণের ফলে বিমান ধারণক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ২০টিরও বেশি। পাশাপাশি দেশি ও বিদেশি রুটে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় রাজস্ব আয় নতুন মাইলফলক স্পর্শ করেছে।