আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেলেন সিফি ঘরিব। রোববার (১৪ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুনের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর জানিয়েছে রয়টার্স।
মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে সিফি ঘরিবকে প্রধানমন্ত্রী এবং মুরাদ আজদালকে জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিফি ঘরিব আগে শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং গত মাস থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে নাদির লারবাউই এই পদে ছিলেন।
অন্যদিকে, নতুন জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পাওয়া মুরাদ আজদাল ছিলেন রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সোনেলগাজের সিইও।
প্রেসিডেন্সি জানিয়েছে, অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীরা আগের পদেই বহাল থাকবেন।
উল্লেখ্য, উত্তর আফ্রিকার গ্যাস উৎপাদনকারী দেশ আলজেরিয়া ইউরোপের কয়েকটি দেশের জ্বালানি সরবরাহকারী হলেও, বর্তমানে দেশটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। সরকার অর্থনীতিকে বহুমুখী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।