সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশের মুদ্রায় রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। চলতি বছরের প্রথম ১৩ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গত বছরের একই সময়ে (২০২৪ সালের সেপ্টেম্বরের ৬ দিনে) পাঠানো ১১৫ কোটি ডলারের তুলনায় ১৫ কোটি ৬০ লাখ ডলার বেশি।
এর আগে চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকার সমতুল্য। এছাড়া আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।
এতে বোঝা যায়, দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের অবদান অগ্রগতি দেখাচ্ছে এবং মাসে মাসে রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।