প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের একান্ত সচিব এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ মামলার অনুমোদন দেন।
অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়েছে, মো. আবুল কালাম আজাদ ক্ষমতার অপব্যবহার করে ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০০ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা হবে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে দাখিল করা সম্পদ বিবরণীতে আবুল কালাম আজাদ ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। তিনি বিবরণীতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন।
তদন্তে দুদক জানতে পারে, তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৯৬৩ টাকা। এর মধ্যে বৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ মাত্র ৬ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৩২ টাকা। ফলে বাকি সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ হিসেবে ধরা হয়েছে।
দুদক জানিয়েছে, এসব প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।