গত মার্চে হার্ট অ্যাটাকের পর থেকেই বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে একটা প্রশ্ন বারবার উঠেছে— “কবে ফিরবেন ক্রিকেটে?” প্রায় সব সময়ই তিনি আশাবাদী ভঙ্গিতে উত্তর দিয়েছেন— “খুব শিগগিরই।” তবে এবার তিনি নিজেই জানালেন, তার ক্রিকেট যাত্রার ইতি টানার সম্ভাব্য সময়।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নিচ্ছেন তামিম।
নিজের অবসর প্রসঙ্গে তামিম বলেন,
“বোর্ড পরিচালক হলে আমি আর খেলব না। আমার মনে হয় না এটা ভালো দেখাবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানব। তবে নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট নিয়েই থাকব।”
তিনি আরও যোগ করেন,
“বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার চিন্তা আমার দীর্ঘদিনের। এটা হঠাৎ কোনো শখ নয়। ক্রিকেট ছাড়ার পরও দেশের ক্রিকেটকে অন্যভাবে এগিয়ে নেওয়ার ইচ্ছা আছে।”
আগামী ৪ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে। তার সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।
নির্বাচনী তফসিল অনুযায়ী—
২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ
২১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা
২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ
২৫ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ তারিখ
২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ
২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল-ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল
৫ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা
বিসিবির সভাপতি নির্বাচিত হবেন ২৫ পরিচালকের ভোটে। এর মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০, ক্লাব প্রতিনিধি থেকে ১২, সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি থেকে ১ এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন পরিচালক ভোট দেবেন।