ইতালির রাভেনা বন্দর বৃহস্পতিবার ইসরাইলের উদ্দেশ্যে যাওয়া দুটি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করেছে। গাজায় চলমান হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাভেনার মধ্যবামপন্থি মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি বলেন, আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনা শেষে তিনি বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন যাতে বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরাইলের হাইফা বন্দরের পথে যেতে না পারে। তিনি আরও জানান, ইতালি ইতিমধ্যেই ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছে। তবে আইনের ফাঁকফোকরের কারণে অন্য দেশের মাধ্যমে অস্ত্র নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। ট্রাকগুলোর উৎস বা কন্টেইনারের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাননি।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গাজা দখলের ইসরাইলি পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করেছেন। তবে তিনি ফ্রান্স ও স্পেনের মতো এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নন, কারণ তিনি মনে করেন আগে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠা প্রয়োজন।
এর আগে ফ্রান্স, সুইডেন ও গ্রিসের বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরাইলগামী অস্ত্র পরিবহন ঠেকানোর পদক্ষেপ নিয়েছিলেন। ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন গাজায় ইসরাইলি অভিযান বন্ধ ও ফিলিস্তিনিদের সহায়তার জন্য ধারাবাহিকভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর