প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হতে হবে, যাতে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বিশেষভাবে সতর্কতার দাবি রাখে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিচ্ছন্ন বিকল্পগুলোতে বিনিয়োগ করতে হবে।
ভার্চুয়াল সভায় কার্ল পেজ বলেন, নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেম শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহে সক্ষম এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী ও কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ইন্দোনেশিয়া ইতিমধ্যেই এ ধরনের প্রযুক্তি গ্রহণ শুরু করেছে এবং বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির কৌশলগত কেন্দ্র হিসেবে নেতৃত্ব দিতে পারে।
ড. ইউনূস আরও বলেন, বর্তমান সরকার সৌরবিদ্যুতের প্রসার ত্বরান্বিত করতে নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করেছে। তবে পারমাণবিক বিকল্প বা অন্যান্য নবায়নযোগ্য প্রযুক্তি গ্রহণের আগে গভীর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই অপরিহার্য। এ ধরনের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানির দাম স্থিতিশীলতা ও শিল্প খাতের প্রতিযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।