জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার অভিনয় করতে যাচ্ছেন শৌর্য দেবের প্রথম সিনেমায়। ছবিতে তাকে দেখা যাবে ‘প্রোমোটার বৌদি’ চরিত্রে, যেখানে তিনি এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের স্ত্রী এবং মায়ের ভূমিকায় অভিনয় করবেন। ছোট সংসার, স্বামী ও দুই সন্তান নিয়ে তার চরিত্রের জীবন আবর্তিত হলেও, আশেপাশের মানুষ তাকে স্নেহ করে ‘বৌদি’ বলে সম্বোধন করে। সেই সূত্রেই চরিত্রের নাম হয়েছে ‘প্রোমোটার বৌদি’।
‘বৌদি’ শব্দটির ব্যবহার প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে স্বস্তিকা বলেন, “আমার পাড়াতেও দেখেছি, সবাই মাকে বৌদি বলেই ডাকত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় এই শব্দটি অনেক সময় কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়। অথচ আসল অর্থে ‘বৌদি’ শব্দটির মধ্যে থাকে এক ধরনের মিষ্টি পারিবারিক সম্পর্ক। আমার চরিত্রেও সেই সম্পর্কের প্রতিফলন দেখা যাবে। শুধু পেশায় প্রোমোটার হওয়ায় আমাকে ‘প্রোমোটার বৌদি’ বলা হয়েছে।”
ছবিটি নিম্ন-মধ্যবিত্ত মানুষের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরবে। স্বস্তিকা মনে করেন, বর্তমানে বড় পর্দায় শহুরে সমস্যা ও উচ্চবিত্ত জীবনের গল্প বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু শহরের অধিকাংশ মানুষ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির, যাদের জীবনেও রয়েছে নানান সমস্যা। সেই বাস্তবতাই সিনেমায় ফুটে উঠবে।
তবে সিনেমাটি কেবল বাস্তবধর্মী নয়, এতে বাণিজ্যিক ছবির প্রয়োজনীয় সব উপাদানও রয়েছে। স্বস্তিকার ভাষায়, “এই সিনেমা নব্বইয়ের দশকের বাণিজ্যিক মশলাদার ছবির স্বাদ ফিরিয়ে দেবে। যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে আমরা আলোচনা করি, তেমনই বাংলা বাণিজ্যিক ছবিকে এগিয়ে নিতে অঞ্জন চৌধুরী, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী কিংবা রবি কিনাগীর অবদানও সমান গুরুত্বপূর্ণ।”
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।