জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার ভিন্ন এক মুডে ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা এই তারকা সম্প্রতি নতুন আইফোন ১৭ হাতে পাওয়ার আনন্দ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবিতে দেখা যায়, ফারিণ সোফায় বসে আছেন। পরনে কালো টপ ও প্রিন্টেড স্কার্ট, খোলা চুল আর মিষ্টি হাসিতে হাতে ধরা নতুন আইফোন ১৭। ছবির ক্যাপশনে সংক্ষেপে লিখেছেন, “পেয়েছি।”
ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে প্রতিক্রিয়ার ঝড় বইছে। একজন লিখেছেন, “মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর লাগছে।” অন্য একজন মন্তব্য করেছেন, “টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।”
উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের। মায়ের পরামর্শে অভিনয় শুরু করা এই অভিনেত্রী ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কাজ করেন। একই বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটক তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।