আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের আগে বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠি পাঠানোর পর, এটি অবৈধ ঘোষণা দাবি করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রিটের আবেদনকারী হিসেবে হাইকোর্টে নাম দিয়েছেন টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু এবং রাজবাড়ীর দুলাল। এই রিটের শুনানি হাইকোর্টের দ্বৈত বেঞ্চে হতে পারে।
আগামী নির্বাচনের আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত কাউন্সিলররা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দিয়েছেন। তবে অ্যাডহক কমিটি যেসব জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরের মনোনয়ন নেয়নি, তাদের আবেদন বাতিল করেছেন বিসিবি সভাপতি।
আবেদনের এক অংশে বিসিবি সভাপতি নতুন করে নিজের স্বাক্ষর দিয়ে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়েছেন। এরপর মোট ৫৩টি ফর্ম জমা পড়ে বিসিবিতে। তবে কিছু জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে।
বিদ্যমান বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ ধারায় স্পষ্টভাবে বলা আছে, নির্বাচনের আগে কাউন্সিলর পাঠানোর সুযোগ সীমিত। তাই বিসিবি সভাপতি নতুন করে কাউন্সিলর মনোনয়নের নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন না। এই নিয়ে তীব্র সমালোচনা ও আইনগত জটিলতা দেখা দিয়েছে।