দেশব্যাপী জোনভিত্তিক কর্মশালার অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে সোমবার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহরের একটি স্থানীয় হোটেলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“ওয়ার্কশপ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস এন্ড অফিশিয়ালস – ময়মনসিংহ ডিভিশন এন্ড টাঙ্গাইল ডিস্ট্রিক্ট” শীর্ষক এই কর্মশালায় ব্যাংকের ময়মনসিংহ বিভাগ এবং টাঙ্গাইল জেলার মোট ১৩টি শাখা থেকে ব্যামেলকোসহ প্রায় ৫০ জন কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন।
কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো: আসাদুল ইসলাম খান। তিনি “ক্রেডিট-ব্যাকড মানিলন্ডারিং প্রতিরোধ” বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।
এছাড়া, ব্যাংকের এন্টি মানিলন্ডারিং বিভাগের এফএভিপি মো: আশরাফুল ইসলাম বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের টাঙ্গাইল শাখার ম্যানেজার ও ইভিপি মো: আব্দুল খালেক।
কর্মশালায় আলোচকবৃন্দ মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে দেশের বিদ্যমান আইন, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর নির্দেশনা এবং ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার গুরুত্ব তুলে ধরেন। তারা কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন যে, এ বিষয়ে ব্যর্থ হলে তার নেতিবাচক প্রভাব পড়বে রাষ্ট্র, অর্থনীতি, ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর।
বক্তাগণ উল্লেখ করেন, মানিলন্ডারিং একটি দেশের উন্নয়নকে ব্যাহত করে। তাই জাতীয় নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ জরুরি। প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরও শক্তিশালী করলে বাংলাদেশ মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত হয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবে।