ব্যবসায়ীদের প্রস্তাবের ভিত্তিতে দেশে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দাম কতটা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা কোনো মন্তব্য না করলেও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “ব্যবসায়ীরা যে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। পরে আবার বৈঠক করে ভোজ্যতেলের দাম কতটা বাড়ানো হবে তা নির্ধারণ করা হবে।”
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৈঠকে লিটারপ্রতি সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। তারা জানায়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন সয়াবিন তেলের দাম ব্যারেলপ্রতি ১ হাজার ২০০ ডলারে পৌঁছেছে।
এর আগে গত ১৩ এপ্রিল দেশে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানিয়েছে, ভোজ্যতেলের দাম যৌক্তিক পর্যায়ে সামঞ্জস্য করার বিষয়ে কাজ চলছে।