জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য পাচার মামলার আসামিকে সচিব পদে নিয়োগ এবং অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগের তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে এনআইডি তথ্য পাচার মামলার আসামিকে সচিব পদে নিয়োগ, শতকোটি টাকার অবৈধ চুক্তি ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অনুসন্ধান চালানো হচ্ছে।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম রাজধানীর ব্র্যাক ব্যাংক, এনআরবিসি ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংকের তিনটি শাখায় গিয়ে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে। এসব শাখা থেকে চেক মালিকদের বিস্তারিত তথ্য, হিসাব লেনদেনের পরিমাণ ও স্থিতি সম্পর্কিত রেকর্ডপত্র জব্দ করা হয়। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট অবৈধ ঘুষ লেনদেনের চুক্তিপত্রে উল্লেখিত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও ঠিকানা যাচাইয়ের জন্য ব্যাংকগুলোতে চাহিদাপত্র প্রদান করা হয়েছে।
দুদক জানিয়েছে, অভিযোগের সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ড সংগ্রহ ও পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেবে।