ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আরও পাঁচটি দেশ। জাতিসংঘ সাধারণ অধিবেশনের পূর্বে নিউইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, মোনাকো, লুক্সেমবার্গ, মাল্টা এবং বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
এ সম্মেলনে ফ্রান্সও একই ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিন ও দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক বৈঠকে এই দেশগুলোর নেতারা তাদের অবস্থান জানিয়েছেন।
মাল্টার প্রধানমন্ত্রী জানান, “এই স্বীকৃতি আমাদের শান্তি ও ন্যায়বিচারে বিশ্বাসের প্রতিফলন এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি আমাদের অবস্থানকে স্পষ্ট করে।” লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী এটিকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে বর্ণনা করেছেন। বেলজিয়াম জানিয়েছে, এই পদক্ষেপ তাদের দীর্ঘদিনের আলোচনাভিত্তিক দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আজ ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এটি একমাত্র সমাধান, যা ইসরাইলকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে।” তিনি আরও উল্লেখ করেন, স্বীকৃতি কার্যকর আলোচনার পথ প্রশস্ত করবে এবং আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানান।
ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি গত জুলাইয়ের অনুরূপ বৈঠকের পর অনুষ্ঠিত হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই সম্মেলনে অংশগ্রহণ করেনি।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।