ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে (ইউবিএল) রুহুল কুদ্দুস খান নিযুক্ত হয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে। তার এই নিয়োগ ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
রুহুল কুদ্দুস খানের ইউনিলিভারে যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায়, ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণার্থী হিসেবে। পরবর্তী ২৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন (R&D) বিভাগে নেতৃত্ব দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে তিনি সাপ্লাই চেইন ডিরেক্টর এবং পরে কাস্টমার এক্সপেরিয়েন্স ও লজিস্টিকস প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইনকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ও ভবিষ্যতমুখী কাঠামোয় রূপান্তরিত করা হয়েছে। তিনি বিশেষভাবে গ্রাহককেন্দ্রিকতা, ডাটা অ্যানালিটিক্স, প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণ এবং ডিজিটাল রূপান্তরে গুরুত্ব দিয়েছেন।
শাজিয়া সৈয়দ, ইউনিলিভারের প্রধান (পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ ক্লাস্টার) বলেন, “রুহুল কুদ্দুস খান এই দায়িত্বে আসছেন অসাধারণ নেতৃত্ব, অনিশ্চয়তা মোকাবিলা এবং ব্যবসা ও পরিবেশে ইতিবাচক প্রভাব বিস্তারে প্রমাণিত দক্ষতা নিয়ে। অপারেশনাল জ্ঞানের গভীরতা এবং মানুষের প্রতি তার আন্তরিক আগ্রহ তাকে এই দায়িত্বের জন্য বিশেষভাবে উপযুক্ত করেছে।”
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, রুহুল কুদ্দুস খান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন।