স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই উত্তরণ প্রক্রিয়াকে মসৃণ ও টেকসই করতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) যেন সর্বাত্মক সহায়তা করে— এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউটিও মহাপরিচালক তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠবে বলে আশা করা হচ্ছে।
আলোচনায় বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি ও উদীয়মান চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় হয়। এসময় ড. ওকোনজো-ইওয়ালা বলেন, “বিশ্ব বাণিজ্য নানা উদ্বেগের মধ্যেও স্থিতিশীল রয়েছে। ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে এবং এ প্রক্রিয়ায় আমি আপনার নেতৃত্ব চাই।”
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশে কার্যকর নেতৃত্ব প্রদানের জন্য ডব্লিউটিওকে মানিয়ে নিতে হবে। বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের পক্ষে দৃঢ় কণ্ঠ তুলতে প্রস্তুত।”
বৈঠকে উপস্থিত ছিলেন— জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।