ভারতে বছরে কোটি রুপি আয় করা মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। হুরুন ইন্ডিয়া–র নতুন সমীক্ষা অনুযায়ী, গত ছয় অর্থবছরে এ সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে যেখানে বছরে এক কোটি রুপি আয়ের মানুষ ছিলেন ৮১ হাজার, সেখানে ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৭ হাজারে।
‘মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ, ২০২৫’ শীর্ষক এই রিপোর্টে বলা হয়েছে, আগামী বছরগুলোতে এই সংখ্যা আরও বাড়বে। এদের বিনিয়োগের ক্ষেত্রে প্রথম পছন্দ হলো পুঁজিবাজার, এরপর রয়েছে আবাসন খাত ও স্বর্ণ।
বছরে ১০ কোটি রুপি আয়কারীর সংখ্যা গত পাঁচ বছরে ৬৩% বেড়েছে, যা বর্তমানে ৩১,৮০০ জন।
বছরে ৫০ লাখ রুপি আয়কারীর সংখ্যা বেড়েছে ২৫%।
বছরে ৫ কোটি রুপি আয়কারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,২০০, যা ৪৯% বৃদ্ধি নির্দেশ করে।
২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বছরে ১০ কোটি রুপি আয়ের হার বার্ষিক গড়ে বেড়েছে ১২১%।
হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্টে আরও বলা হয়েছে—
২০২১ সালে ন্যূনতম ৮.৫ কোটি রুপি নেট সম্পদ থাকা পরিবারের সংখ্যা ছিল ৪ লাখ ৫৮ হাজার।
২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭১ হাজারে।
রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রথমবারের মতো মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ইনডেক্স (এমবিএইচএক্স) ও লাক্সারি কনজ্যুমার সার্ভে ২০২৫ উন্মোচিত হয়। এতে বলা হয়—
মুম্বাইয়ে রয়েছে সবচেয়ে বেশি সম্পদশালী পরিবার (১ লাখ ৪২ হাজার)।
দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি (৬৮,২০০ পরিবার)।
তৃতীয় স্থানে বেঙ্গালুরু (৩১,৬০০ পরিবার)।
রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র, যেখানে মিলিয়নিয়ার পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার। রাজ্যের জিডিপি প্রবৃদ্ধি ৫৫% হওয়াই এ সমৃদ্ধির অন্যতম কারণ।
জরিপে আরও দেখা গেছে, ভারতের ধনীদের মধ্যে ডিজিটাল পেমেন্টের ব্যবহার ব্যাপক, যেখানে ৩৫% ধনী ইউপিআই অ্যাপ ব্যবহার করেন। বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারবাজারই তাদের প্রথম পছন্দ। এছাড়া বিলাসবহুল ব্র্যান্ডের মধ্যে রোলেক্স, তানিস্ক, এমিরেটস ও এইচডিএফসি ব্যাংক রয়েছে শীর্ষ তালিকায়।