দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। দিনের শুরু থেকেই সূচক বাড়ছে, পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৭ পয়েন্টে।
এ সময় শরীয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ৬ দশমিক ৪৬ পয়েন্ট হয়ে ১ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৭১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৬ পয়েন্টে।
লেনদেনের দিক থেকেও বাজার সক্রিয় ছিল। প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট ১৯৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময় পর্যন্ত ৩৮৯টি কোম্পানির মধ্যে ২৬২টির শেয়ারদর বেড়েছে, ৫৬টির দর কমেছে এবং ৭১টির দর অপরিবর্তিত ছিল। বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের নতুন করে আগ্রহের কারণে বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।