বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল বরাবরই তার ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রেখেছেন। এখনো অবিবাহিত এই অভিনেত্রীকে নিয়ে ভক্তদের কৌতূহল— তিনি আদৌ বিয়ে করবেন কি না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা খোলামেলা কথা বলেছেন প্রেম, ক্রাশ এবং এমনকি ওয়ান নাইট স্ট্যান্ড নিয়েও।
রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে আমিশাকে প্রশ্ন করা হয়েছিল তার সেলিব্রিটি ক্রাশ নিয়ে। উত্তরে তিনি বিন্দুমাত্র দেরি না করে বলেন, “টম ক্রুজ আমার চিরকালের ক্রাশ। ছোটবেলা থেকেই আমি তাকে ভীষণভাবে পছন্দ করি। আমার পেন্সিল বক্স, ফাইল আর ঘরজুড়ে ছিল টম ক্রুজের পোস্টার।”
অভিনেত্রী আরও বলেন, “আমি সবসময় মজা করে বলতাম, টম ক্রুজই সেই মানুষ যার জন্য আমি আমার সব নিয়ম ভেঙে দিতে পারি। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, আমি কি তার সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড করতে রাজি, তবে উত্তর হবে— হ্যাঁ।”
এই প্রথম নয়, অতীতেও একাধিকবার টম ক্রুজের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন আমিশা। কয়েক বছর আগে এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল— তিনি কোন অভিনেতার সঙ্গে ভূমিকা পরিবর্তন করতে চান? উত্তরে বলেছিলেন, “সুযোগ পেলে আমি টম ক্রুজকে বিয়ে করতাম।”
বর্তমানে আমিশা প্যাটেল নতুন কোনো সিনেমার ঘোষণার কথা জানাননি। তাকে সর্বশেষ দেখা গেছে ‘তৌবা তেরা জলওয়া’ ছবিতে, যা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে টম ক্রুজ নিয়ে তার খোলামেলা মন্তব্য আবারও তাকে আলোচনায় নিয়ে এসেছে।