গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বরিশাল বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৭৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৩৯ জন এবং ময়মনসিংহ বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে দেশে ২৫৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪২ হাজার ৪৭৮ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ৪৪ হাজার ৬৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৮৮ জনের মৃত্যু হয়েছে। তুলনায়, ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ৫৭৫ জনের মৃত্যু ঘটেছিল।