দেশের আকাশে ফের মেঘের ঘনঘটা শুরু হয়েছে। মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় না থাকলেও দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা–অন্ধ্র উপকূলীয় এলাকায় সরে গেছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, বিহার হয়ে লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় রয়েছে।
এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায়ও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের সার্বিক তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর মনে করছে, বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অন্তত এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে সাধারণ মানুষকে সাবধানতার সঙ্গে চলাফেরা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।