ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র্যাংগলি মন্তব্য করেছেন যে বাংলাদেশের তৈরি পোশাক খাত টেকসই উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি টিম গ্রুপের “গ্রিন ফ্যাক্টরি ফোর এ ইয়ান ডাইয়িং” পরিদর্শন শেষে এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত রেটো র্যাংগলি বলেন, “এই কারখানা পরিদর্শন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি অত্যন্ত আধুনিক এবং যা দেখেছি তাতে আমি সত্যিই মুগ্ধ। বিশেষ করে যেহেতু এটি সুইস ব্র্যান্ডের জন্য উৎপাদন করছে, তাই কর্মপরিবেশ কেমন, তা জানা আমার জন্য গুরুত্বপূর্ণ।”
তিনি বিশেষভাবে শ্রমিকদের স্বাস্থ্য, সুরক্ষা ও কর্মপরিবেশে অর্জিত উন্নতির প্রশংসা করেন এবং আরও শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়া, ২০৩০ সালের উচ্চাভিলাষী টেকসই উন্নয়ন লক্ষ্যের দিকে কোম্পানির অগ্রগতি তিনি ‘ব্যবসায়িক সাফল্য ও টেকসই উন্নয়ন একসঙ্গে সম্ভব করার উৎকৃষ্ট উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন।
পরিদর্শনকালে টিম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব বলেন, বিদেশে বাংলাদেশের পোশাক খাত নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে তা দূর করাই সফরের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “আমরা রাষ্ট্রদূতকে খাতের বাস্তব চিত্র দেখাতে চেয়েছি—কর্মপরিবেশ, শ্রমিক কল্যাণ এবং পণ্যের মান পর্যন্ত। রাষ্ট্রদূত খুশি হয়েছেন এবং অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার অনুমতি চেয়েছেন, যা দেশের ব্র্যান্ড ইমেজকে উন্নত করবে।”
যুক্তরাষ্ট্রের চীনা আমদানি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির প্রভাব নিয়ে তিনি আরও বলেন, “চীনা সরবরাহকারীরা ইউরোপীয় বাজারে মনোযোগ বাড়াতে পারে, যা চ্যালেঞ্জ তৈরি করবে। তবে ইউরোপীয় ক্রেতারা ধীরে ধীরে চীন থেকে বিচ্যুত হচ্ছেন, যা বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করছে।”
আবদুল্লাহ হিল নাকিব দীর্ঘমেয়াদি গ্রাহক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের কোনো গ্রাহক সেবা, ডেলিভারি বা মানের কারণে আমাদের ছেড়ে যায়নি। সময়মতো মানসম্মত পণ্য সরবরাহ করাই আমাদের শক্তি।”