দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে একটি সিটি ব্যাংক পিএলসি তাদের প্রবৃদ্ধি ও কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) গঠনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির নাম হবে “সিটি ক্রেডিট ব্যুরো”।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ব্যাংকটির ৬৮৮তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে নতুন কোম্পানির পরিশোধিত মূলধন কত হবে এবং এটি পুরোপুরি সিটি ব্যাংকের মালিকানাধীন থাকবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ব্যাংকের প্রকাশিত মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই সহযোগী কোম্পানি ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে সহায়তা করবে। বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর কার্যক্রম শুরু করলে সিটি ব্যাংক হবে দেশের প্রথম ব্যাংক, যারা নিজেদের নামে একটি ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠা করবে।
প্রসঙ্গত, চলতি মাসে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো বেসরকারি খাতে পাঁচটি প্রতিষ্ঠাকে ক্রেডিট ব্যুরো গঠনের প্রাথমিক অনুমতি দিয়েছে। এর মধ্যে রয়েছে— সিটি ব্যাংক, বিকাশ ক্রেডিট ব্যুরো, ক্রেডিট ইনফো বিডি, ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রান্সইউনিয়ন। এতদিন শুধু বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছিল।
সিআইবি দেশের সব তফসিলি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের তথ্য সংরক্ষণ করে। কোনো গ্রাহক ঋণ খেলাপি হলে তার জন্য নতুন করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা পাওয়া যায় না। এ কারণে নতুন ঋণ প্রদানের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই ক্রেডিট রিপোর্ট এবং ছাড়পত্র সংগ্রহ করতে হয়।
নতুন বেসরকারি ক্রেডিট ব্যুরো গঠনের মাধ্যমে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণ প্রদানে দক্ষতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।