শ্রীলঙ্কায় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে প্রবেশ করেছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।
গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রভাব দেখিয়েছে। স্বাগতিক শ্রীলঙ্কা এবং নেপালের বিপক্ষে দুই ম্যাচেই ৪-০ গোলে জয় পায় লাল-সবুজের তরুণরা। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম পাঁচ মিনিটেই গোল করে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের শক্তি ছিল রক্ষণে—তিন ম্যাচে কোনো গোল হজম করেনি তরুণরা।
ভারতও শক্তিশালী দল হিসেবে ফাইনালে উঠেছে। তারা গ্রুপ পর্বে মালদ্বীপকে ৬-০ এবং ভুটানকে ১-০ গোলে হারিয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার গোল হজম করেছে তারা, কিন্তু জয় পেয়েছে ৩-২ গোলে। সেমিফাইনালে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ভারত।
বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জানিয়েছেন, “ভারত শক্তিশালী দল, তবে আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য মাঠে নামব। আমাদের সমর্থন ও দোয়া প্রয়োজন।”
বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, “ফাইনাল খেলার জন্য ফুটবলাররা এক্সাইটেড। ভারতের বিপক্ষে খেলার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। আমাদের সুযোগও আছে যদি খেলোয়াড়রা গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারে।”
বাংলাদেশ দলের লক্ষ্য একটাই—ফাইনালে জয় ও শিরোপা।