ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও নবগঠিত দল তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে)-এর নেতা থালাপতি বিজয়ের জনসভায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। কউর জেলায় আয়োজিত এই রাজনৈতিক সমাবেশ পদদলিত হওয়ার ঘটনায় পরিণত হয় মৃত্যুকূপে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ানের দেওয়া তথ্যমতে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এর মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিকে শোকাবহ পরিবেশে থালাপতি বিজয় নিজেও শোকবার্তা প্রকাশ করে হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন,
“এটি নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। পরিবারের একজন সদস্য হিসেবে যারা আপনজন হারিয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে আমি ২০ লাখ রুপি এবং যারা আহত হয়েছেন তাদের ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা প্রদান করব।”
বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন,
“আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় বেদনায় আমি শোকাহত। প্রাণ হারানো সকল প্রিয় ভাই-বোনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সভায় বিপুল ভিড় জমে যায়। অভিনেতাকে কাছে থেকে দেখার জন্য দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ফলে বিশৃঙ্খলা বাড়তে থাকে, কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন, এমনকি শিশুরাও আহত হয়। বিজয় মাঝপথে বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন। পরে দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়।
রাজনৈতিক অভিষেকের পর থেকে বিজয় ভোটমুখী তামিলনাড়ুতে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন। তবে এই ভয়াবহ দুর্ঘটনা তার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নও তুলেছে।