যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা ছবির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প অভিযোগ করেন, “আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা অন্য দেশগুলো চুরি করছে। অনেকটা শিশুর কাছ থেকে চকলেট কেড়ে নেওয়ার মতো অবস্থা।”
এর আগে গত মে মাসেই ট্রাম্প চলচ্চিত্র শিল্পের ওপর শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন। তবে সে সময় বিস্তারিত না জানানোয় হলিউড ও সংশ্লিষ্ট খাতে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রভাব পড়ে। নেটফ্লিক্সের শেয়ারদর কমে যায় ১ দশমিক ৪ শতাংশ, আর ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ার পড়ে যায় ০ দশমিক ৬ শতাংশ।
শুধু চলচ্চিত্রই নয়, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন বিদেশে তৈরি আসবাবপত্রেও বাড়তি শুল্ক আরোপ করবেন। ইতোমধ্যেই রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধন সামগ্রীর আলমারির ওপর ৫০ শতাংশ শুল্ক এবং অন্যান্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এগুলো কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। এখন আশঙ্কা করা হচ্ছে, আরও শুল্ক আরোপ করা হতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের নীতি গ্রহণ করেন। ভারতীয় পণ্যে তিনি ইতোমধ্যেই ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা দেশটির রপ্তানি শিল্পকে বড় সংকটে ফেলেছে। ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাগুলো থেকে ধারণা করা হচ্ছে, বৈশ্বিক বাণিজ্যে আরও অস্থিরতা দেখা দিতে পারে।